মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় র‌্যাপার নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫১ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বন্দুকধারীর হামলায় এক র‌্যাপ সঙ্গীত শিল্পী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় বেলা ৩টা ২০ মিনিটের দিকে নিজ মালিকানাধীন একটি ক্লথিং স্টোরের কাছে নিপসেই হাস্ল নামক এ র‌্যাপারকে গুলি করে হত্যা করা হয়। লস অ্যাঞ্জেলেস পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। 

 

এ বন্দুক হামলায় আরো দুজন আহত হয়েছেন বলে তিনি জানান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের স্লাউসন অ্যাভিনিউ এন্ড ক্রেন্শ বুলেভার্ড এলাকার কাছে এ ঘটনাটি ঘটে। 

 

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার এক টুইট বার্তায় জানিয়েছে, হামলায় হতাহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তবে বাকি দুজন আশঙ্কামুক্ত রয়েছেন। এ বন্দুক হামলায় জড়িতদের সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। 

তবে পুলিশ জানিয়েছে, নিহত র‌্যাপার এরমিয়াস ডেভিডসন যিনি নিপসেই হাস্ল নামে অধিক পরিচিত, তিনি তার শেষ টুইট বার্তায় লিখেছিলেন ‘শক্তিশালী শত্রু থাকা আশীর্বাদস্বরূপ।’

৩৩ বছর বয়সী নিপসেই হাস্ল ২০১০ সালে ‘অল মানি’নামক একটি রেকর্ড স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন। সেখান থেকে তিনি তার পঞ্চম মিশ্র অ্যালবাম ‘দ্য মারাথন’ প্রকাশ করেছিলেন। ২০১৩ সালে তিনি ‘ক্রেন্শ’ নামে আরেকটি অ্যালবাম প্রকাশ করেন। যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।  

নিপসেই হাস্ল তার ক্যারিয়ার জুড়ে বেশ কয়েকজন খ্যাতিমান সঙ্গীত শিল্পীর সঙ্গে কাজ করেছেন। যাদের মধ্যে - ড্রেক, কেনড্রিক ল্যামার, ওয়াই জি, টাই ডলা সাইন, মিক মিল ও ইয়াং থাগ অন্যতম। 

 

তিনি সঙ্গীতের বাইরে বিভিন্ন ব্যবসায়ের সঙ্গেও জড়িত ছিলেন। তিনি একবার বিখ্যাত গ্র্যামি আওয়ার্ডের সেরা র‌্যাপ অ্যালবামের জন্যও মনোনীত হয়েছিলেন। তবে সেবার তিনি র‌্যাপর কার্ডি বি’র কাছে হেরে যান। তার মৃত্যুর খবরে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা শোক জানিয়েছেন।