মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

আফগানিস্তানে তালেবান হামলায় ১৭ পুলিশ সদস্য নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪২ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে তালেবান হামলায় পুলিশের ১৭ সদস্য নিহত হয়েছেন।

দেশটির উত্তরাঞ্চলীয় বাদাখসান প্রদেশের মুখপাত্র নিক মোহাম্মাদ নাজারি এ তথ্য জানিয়েছেন।

 তিনি বলেন, শুক্রবার প্রদেশটির আরগাঞ্জ খোয়া শহরে তালেবানরা হামলা চালালে পুলিশের তিন সদস্য নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে তালেবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ছিল বলেও জানান তিনি।

 

পূর্বাঞ্চলীয় গাজনি প্রদেশের পুলিশ প্রধান গুলাম দাউদ তারাখিল জানিয়েছেন, বৃহস্পতিবার তালেবানরা প্রদেশটিতে নিরাপত্তা বাহিনীর দু’টি চেকপয়েন্টে হামলা চালালে পুলিশের নয় সদস্য নিহত হন।

পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানদের চলা কয়েকঘণ্টার লড়াইয়ে তালেবানরা পরাজিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাবুল প্রদেশের ডেপুটি কাউন্সিল প্রধান আসাদুল্লাহ কাকার বলেছেন, বৃহস্পতিবার প্রদেশটির সিনকে শহরে তালেবান হামলায় পুলিশের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

তিনটি হামলার দায়ই স্বীকার করেছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

অন্যদিকে পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে বৃহস্পতিবার মর্টার হামলায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশটির সরকারের মুখপাত্র আসাদুল্লাহ দাওলাতজাই।