ভারত মহাকাশের পরাশক্তি: মোদি
ডেস্ক রিপোর্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
মহাকাশে ভারত এখন পরাশক্তি। দেশটির গবেষকেরা পরীক্ষামূলকভাবে লো আর্থ অরবিটে একটি কৃত্রিম উপগ্রহ ধ্বংস করতে সক্ষম হয়েছেন। এখন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে ভারত অ্যান্টিস্যাটেলাইট ক্ষেপণাস্ত্রে সক্ষমতা অর্জন করেছে।
বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে জাতির উদ্দেশে এক ভাষণে এই সাফল্যের কথা তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় অ্যান্টিস্যাটেলাইট প্রযুক্তি তৈরির জন্য গবেষকদের ধন্যবাদ জানান তিনি। খবর - টাইমস অব ইন্ডিয়া।
মোদি বলেন, দেশের নিরাপত্তা ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে অ্যান্টিস্যাটেলাইট প্রযুক্তি তৈরি বড় মাইলফলক উদ্ভাবন। আমাদের এ প্রযুক্তি কোনো ব্যক্তি বা দেশকে লক্ষ্য করে তৈরি হয়নি। এছাড়া আন্তর্জাতিক কোনো আইন লঙ্ঘন করাও হয়নি। এটা জাতির স্বপ্নকে সুরক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতকে আরো সুরক্ষিত দেশ হিসেবে প্রমাণ করবে এ সক্ষমতা অর্জন।
এদিন সকাল থেকেই মোদির জাতির উদ্দেশে দেয়া ভাষণ প্রচার করা হবে বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়। টিভি, রেডিও, সোশ্যাল মিডিয়ায়ও ভাষণ সম্প্রচারের কথাও টুইট করে জানান মোদি।
