মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

মরুভূমিতে গোলাপের আদলে জাদুঘর

ডেস্ক রিপোর্ট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

কাতারে মরুভূমির বুকে গোলাপের আদলে মনোমুগ্ধকর বিশাল আকৃতির এক জাদুঘর তৈরি করা হয়েছে। ৪৩ কোটি ৪০ লাখ ডলার ব্যয়ে নির্মিত এই জাদুঘর তৈরিতে সময় লেগছে প্রায় দশ বছর। চলতি সপ্তাহেই এই জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেয়া হচ্ছে।

দেশটির রাজধানী দোহায় বুধবার জাদুঘরটির উদ্বোধন করা হবে। এর চমকপ্রদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হবেন কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল-থানি, কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ও ফ্রান্সের প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড ফিলিপ। 
 
জাদুঘরটি এর পরের দিন থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, দোহায় একটি মরুভূমির ৫২ হাজার বর্গ মিটার জায়গার ভেতরে গোলাপের এই কাঠামো বসেছে। একইসঙ্গে স্থাপনাটি বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রস্থলে যাওয়ার পথে। তাই দর্শকের ব্যাপক উপস্থিতিও আশা করা হচ্ছে। 

এই জাদুঘরটির স্থপতি ফরাসি জেন নওভেল। বিশ্ব বিখ্যাত এই স্থপতি এক টুইটে জানিয়েছেন, স্থাপনাটি ভবিষ্যতে দেশের ঐতিহ্য উদযাপনের জানান দিচ্ছে।

জানা যায়, জাদুঘর ভবনের মধ্যে নানা ধরনের নজর কাড়া মনোমুগ্ধকর নকশা রয়েছে। এর ভবনে ঢুকতেই চোখে পড়বে ১১৪টি ভাস্কর্য। ৯০০ মিটার লম্বা লেক রয়েছে সামনে-পেছনে। এছাড়া ভবনটির খণ্ড খণ্ড ছাদ তো থাকছেই।
 
ভবনটিতে এক হাজার ৫০০ মিটার গ্যালারির জন্য জায়গা রাখা হয়েছে। এখানে থাকবে দেশের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ নিদর্শন। জাদুঘরটির পরিচালক শেখ আমনা বিনত আব্দুল আজিজ বিন জাসিম আল-থানি জানান, এই জাদুঘর কাতারের মানুষের গল্প বর্ণনা করবে।

২০১৬ সালে জাদুঘরটি উদ্বোধনের কথা ছিল। তবে নানা কারণে এর নির্মাণে দেরি হয়ে যায়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, দেরিতে হওয়ায় জাদুঘরে দেশের ঐতিহ্য আরো ভালোভাবে তুলে ধরার সুযোগ হয়েছে।