১০৪ বছরের বৃদ্ধার জেলে যাওয়ার ইচ্ছাপূরণ
ডেস্ক রিপোর্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
অপূর্ণ সাধ মৃত্যুর আগে পূরণ সবাই করতে চায়। আর এর ব্যতিক্রম হয়নি ব্রিটেনের শতায়ু এক নারীর ক্ষেত্রেও। তবে তার ইচ্ছেটি ছিল অদ্ভুত। কেননা তিনি চেয়েছিলেন মৃত্যুর আগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলে যেতে। কিন্তু কোনো অপরাধও করেননি। শুধুমাত্র বৃদ্ধার শেষ ইচ্ছে পূরণের জন্য তাকে গ্রেফতার করেছে ইংল্যান্ডের পুলিশ।
বৃদ্ধার ইচ্ছে পূরণের জন্য তাকে গ্রেফতার করার বিষয়টি নিজেদের ফেসবুকে পোস্ট করেছে ইংল্যান্ডের অ্যাভন ও সমারসেটের পুলিশ। তারপর থেকেই ভাইরাল সে পোস্ট।
১০৪ বছরের বৃদ্ধার নাম অ্যানি ব্রোকেনব্রো। তিনি স্টোকবিশপ এলাকায় স্টোকেলেঘ কেয়ার হোম নামের এক বৃদ্ধাশ্রমে থাকেন। সম্প্রতি উইশিং ওয়াশিং লাইন ইনিশিয়েটিভ নামের একটি ইভেন্টে অংশ নেন তিনি। আর সেখানে বয়স্ক মানুষদের মনের ইচ্ছেপূরণ করা হয়।
নিজের ইচ্ছের কথা জানাতে গিয়ে অ্যানি লিখেছিলেন, আমার ইচ্ছে পুলিশ আমাকে গ্রেফতার করুক। আমার এই ১০৪ বছর বয়সে আমি কখনো আইনভঙ্গ করিনি।
আর বৃদ্ধার এই ইচ্ছা প্রকাশের পর ওই সংস্থার পক্ষ থেকে অ্যাভন ও সমারসেট পুলিশকে জানানো হয়। শেষমেশ অ্যানির ইচ্ছেপূরণ করেছে সেখানকার পুলিশ।
