উত্তেজনার মধ্যেই ক্রিমিয়ায় রুশ যুদ্ধবিমান মোতায়েন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:২৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
ইউক্রেনের সঙ্গে উত্তেজনার মধ্যেই বিরোধপূর্ণ ক্রিমিয়া দ্বীপে যুদ্ধবিমান মোতায়েন করলো রাশিয়া। শনিবার ১২টিরও বেশি এসইউ-২৭ ও এসইউ-৩০ মডেলের যুদ্ধবিমান পৌঁছায় দ্বীপটিতে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
রাশিয়া ইউক্রেনের বারডিযানস্ক এবং নিকোপল যুদ্ধজাহাজ এবং দি ইয়ানা কাপা জাহাজ জব্দ করেছে। ইউক্রেনের দাবি, রাশিয়া জাহাজের পথ আটকাতে চেষ্টা করে, যদিও এরপর নৌযানগুলো কের্চ স্ট্রেইটের উদ্দেশ্যে চলছিল কিন্তু ট্যাংকার দ্বারা বাধাপ্রাপ্ত হয়। এছাড়া রুশ বাহিনীর গুলিতে জাহাজে থাকা ৬ সেনা আহত হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেন। আর রাশিয়ার অভিযোগ, নৌযানগুলা অবৈধভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছিল এবং নিরাপত্তার কারণে ওই পথে চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে। এ ঘটনার পর রাশিয়ার সঙ্গে ইউক্রেনের পাশাপাশি ইউরোপেরও উত্তেজনা তৈরি হয়েছে। আর রাশিয়ার এমন আচরণের পর দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে ইউক্রেন। ২৮ নভেম্বর থেকে ৩০ দিনের জন্য সামরিক শাসনও জারি করা হয়েছে দেশটিতে।
রয়টার্স জানায়, ক্রিমিয়ার বিমানঘাঁটি বেলবেকের কাছে যুদ্ধবিমানগুলো রয়েছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। তখন থেকেই দুই দেশের মাঝে উত্তেজনা বিরাজ করছিলো। ২৫ নভেম্বর নাবিক আটকের পর বিষয়টি আবারও নতুন করে সামনে আসে।
