রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

বড়দিন উৎসবেও আংশিক অচলাবস্থায় থাকছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:১২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

যুক্তরাষ্ট্র সরকারে তৈরি হওয়া আংশিক অর্থনৈতিক অচলাবস্থা (শাটডাউন) বড়দিন উৎসবের সময়ও অব্যাহত থাকছে। সিনেটে অস্থায়ী বাজেট পাস করিয়ে অচলাবস্থা নিরসনের কোনও আলামত দেখা যায়নি এখনও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, এরইমধ্যে মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেট আগামী বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত মুলতুবী ঘোষণা করা হয়েছে। অন্তত সে পর্যন্ত অস্থায়ী বাজেট পাসের আর সুযোগ নেই।


মার্কিন অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। তার আগেই বাজেট অনুমোদন করিয়ে নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও সমঝোতার অভাবে কখনও কখনও মার্কিন কংগ্রেস তা পাস করাতে ব্যর্থ হয়। এমন অবস্থায় অস্থায়ী বাজেট বরাদ্দের মধ্য দিয়ে সরকার পরিচালনার তহবিল জোগান দেওয়া হয়। অস্থায়ী এই বাজেট বরাদ্দের ক্ষেত্রে দুই কক্ষের অনুমোদনসহ প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তিন চতুর্থাংশ কার্যক্রম পরিচালনার অর্থ বরাদ্দ করা আছে। বাকি এক চতুর্থাংশের বাজেট ফুরিয়ে যাওয়ায় অচলাবস্থা ঠেকাতে শুক্রবার (২১ ডিসেম্বর) নতুন অস্থায়ী বাজেট বরাদ্দ ছিল অপরিহার্য।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ প্রশ্নে এদিন দুই পক্ষের আইনপ্রণেতারা আলোচনায় বসলেও শেষ পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছাতে পারেননি। এতে শুক্রবার মধ্যরাত থেকে সৃষ্টি হয় ‘অচলাবস্থা’। বরাদ্দ কম পড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের ১৫টি কেন্দ্রীয় দফতরের মধ্যে ৯টিতে আংশিক শাটডাউন শুরু হয়।

বড় দিনের ছুটি কাটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডায় যাওয়ার কথা ছিল। তবে শাটডাউনকে কেন্দ্র করে সে পরিকল্পনা বাতিল করেছেন তিনি। ট্রাম্প সতর্ক করেছেন, শাটডাউন দীর্ঘায়িত হতে পারে। তবে ডেমোক্র্যাটরাও তাদের অবস্থানে অনড়। সীমান্ত দেয়াল নির্মাণের প্রসঙ্গটি বাদ দেওয়ার জন্য ট্রাম্পকে চাপ দিয়ে যাচ্ছে তারা। অবশ্য, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দাবি, আলোচকরা এখনও আলাপ চালিয়ে যাচ্ছেন।

আলোচনা চললেও অস্থায়ী বাজেটটি সিনেটে পাস করাতে হবে। তবে আগামী বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত সিনেট অধিবেশন মুলতুবী থাকছে। সেক্ষেত্রে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সিনেটে অস্থায়ী বাজেট পাসের কোনও সম্ভাবনা নেই। আর তা পাস না হলে অন্তত ২৭ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকছে শাটডাউনও।  

মুলতুবী ঘোষণার আগে শনিবার (২২ ডিসেম্বর) সিনেটে বিরল এক অধিবেশন হয়। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল বলেছেন, বাজেট চুক্তির ব্যাপারে ডোমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় না পৌঁছালে এবং প্রেসিডেন্টের সম্মতি না পেলে সিনেটে কোনও ভোটাভুটি হবে না। আর সিনেটের ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেছেন, বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে যে বিলটি পাস হয়েছে তা সিনেটে কখনও পাস হবে না। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মাননীয় প্রেসিডেন্ট, আপনি যদি সরকারের অচলাবস্থার নিরসন চান, তবে দেয়াল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করুন। এটা খুব সোজাসাপ্টা কথা।’

আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের খরচ মেটাতে সিনেটে সম্প্রতি একটি সাময়িক ব্যয় বিল পাস হলেও তাতে স্বাক্ষর করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি,ওই বিলে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য বরাদ্দের ঘাটতি রয়েছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫০০ কোটি ডলার বরাদ্দ দেওয়ার দাবি করে আসছেন তিনি। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সীমান্তে দেয়াল নির্মাণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করতে ৫০০ কোটি ডলার বরাদ্দ অনুমোদন করে একটি বিল পাস করে। তখনই ডেমোক্র্যাট নেতা চাক শুমার জানিয়ে দেন বিলটি পাস হবে না। তিনি বলেন, ‘প্রতিনিধি পরিষদে যে বিলটি উত্থাপিত হয়েছে,সেটি যে সিনেটে পাস হবে না তা সবাই জানে।’