রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

হার্ভার্ডে সুযোগ পেলেন পার্কল্যান্ডে বন্দুক হামলায় বেঁচে যাওয়া হগ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি স্কুলে বন্দুক হামলায় বেঁচে যাওয়া ডেভিড হগ বিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়েছেন।  হামলায় বেঁচে যাওয়ার পর বন্দুক নিয়ন্ত্রণের অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হয়ে উঠ হগের বিরুদ্ধে অপপ্রচার ছিল কোনও ভালো বিশ্ববিদ্যালয় তাকে ভর্তি করতে রাজি হচ্ছে না।


১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার পার্কল্যান্ডের এক স্কুলে ঘণ্টাব্যাপী বন্দুক হামলায় ঝরে গেছে ১৭টি তরতাজা সবুজ প্রাণ। তবে বেঁচে গিয়েছিলেন হগ। এই ঘটনার পর বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক নিয়ন্ত্রণ আইন সংস্কারের দাবিতে আন্দোলন গড়ে তোলে ওই স্কুলের শিক্ষার্থীরা। আর তাদের মধ্যে সবচেয়ে সোচ্চার কণ্ঠ ও জাতীয় প্রতীকে পরিণত হন তিনি।

তাদের ডাকে ‘মার্চ ফর আওয়ার লাইভস’ স্লোগানে মিছিলে যোগ দেন কয়েক লাখ মানুষ। যুক্তরাষ্ট্রে শিশু-কিশোর-তরুণ-বৃদ্ধ বিভিন্ন বয়সের আর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একাত্ম হন জীবনের দাবিতে। যুক্তরাষ্ট্র নয় কেবল,অস্ত্র নিয়ন্ত্রণের দাবি প্রতিধ্বনিত হয় বিশ্বের বিভিন্ন শহরে। যুক্তরাষ্ট্র ছাড়িয়ে যুক্তরাজ্য,সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের মানুষ অস্বাভাবিক মৃত্যুকে প্রতিরোধের ডাক দেন।

বন্দুক হামলার আগে বেশ কয়েকটি কলেজে হগের ভর্তির আবেদন প্রত্যাখ্যাত হয়। কিন্তু ওই ঘটনার পর পর বদলে যায় পরিস্থিতি। যেসব কলেজ তাকে প্রত্যাখ্যান করেছিল সেগুলোতেই তিনি অতিথি হিসেবে ভাষণ দেন। সর্বশেষ শনিবার তিনি ঘোষণা দেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তির সুযোগ পেয়েছেন। সেখানে তিনি রাষ্ট্র বিজ্ঞান অধ্যয়ন করবেন।

ডিসেম্বরের শুরুতে দ্য গার্ডিয়ানের এক প্রশ্নের জবাবে ডেভিড হগ বলেছিলেন, বন্দুক সহিংসতা নিয়ে গবেষণার জন্য বছরে কমপক্ষে ৫ কোটি মার্কিন ডলারের সংস্থান করতে না পারলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শান্তি পাবেন না তিনি।

গত আট মাসে মিডিয়া ব্যক্তিত্বে পরিণত হওয়া হগের পড়াশোনা নিয়ে অনেকেই অভিযোগ ও সমালোচনা করেছিলেন। মার্চ মাসে হগের কলেজে প্রত্যাখ্যাত হওয়ার বিষয় নিয়ে ব্যঙ্গ ও উপহাস করেছিলেন ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহাম। বলেছিলেন, প্রত্যাখ্যাত হওয়ার কারণেই এমন ‘ঘ্যানর ঘ্যানর’ করছেন হগ।

ওই সময় নিজের শিক্ষাগত পারদর্শিতা তুলে ধরে লরার উপহাসের জবাব দেন হগ। একই সঙ্গে তিনি বিজ্ঞাপন দাতাদের লরাকে দেওয়া বিজ্ঞাপন প্রত্যাহারের আহ্বান জানান। বেশ কয়েকজন বিজ্ঞাপন দাতা নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর ক্ষমা চান লরা। কিন্তু ক্ষমার পুরোটা হগ গ্রহণ করেননি। তখন আরেক মার্কিন টেলিভিশন সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সব নিপীড়নই নিপীড়ন, গুরুত্বপূর্ণ হলো রুখে দাঁড়ানো।