বৃহস্পতিবার   ২৩ জুলাই ২০২৬   শ্রাবণ ৮ ১৪৩৩   ০৭ সফর ১৪৪৮

হার দিয়ে শুরু সাকিবের হায়দ্রাবাদের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হেরে গেছে সাকিবের দল হায়দ্রাবাদ। 

কলকাতার ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮১ রান জড়ো করে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে দারুণ প্রত্যাবর্তন করা ডেভিড ওয়ার্নার এদিন মারকুটে ব্যাটিং উপহার দেন।  উদ্বোধনী নেমে ৫৩ বলের মোকাবেলায় ৯টি চার ও ৩টি ছক্কায় ৮৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। উদ্বোধনী সঙ্গী জনি বেয়ারস্টোকে সঙ্গে করে ১ম উইকেট জুটিতে ওয়ার্নার এনে দেন ১১৮ রান, যা ভাঙে বেয়ারস্টো ৩৫ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরলে।

 

১৩৩ রানে ওয়ার্নারের বিদায়ের পর পরের ৩ ওভারে তাণ্ডব চালান বিজয় শঙ্কর। যদিও ইউসুফ পাঠান খুব একটা সুবিধা করতে পারেননি। মানিশ পান্ডে ৫ বলে ৮ এবং বিজয় ২৪ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন।

টপ অর্ডারের দৃঢ়তায় ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানকে। কলকাতার পক্ষে আন্দ্রে রাসেল দুটি এবং পীযুষ চাওলা একটি উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নামা কলকাতার বিপক্ষে বল হাতে প্রথম ওভারটি করেন অধিনায়ক ভুবনেশ্বর কুমার। পরের ওভার করতে আসেন সাকিব। ক্রিস লিনের বলে ছক্কা হজম করলেও নিজের প্রথম ওভারের শেষ বলেই সাকিব দলকে প্রথম উইকেটের দেখা পাইয়ে দেন। সাকিবের ডেলিভারিকে লিন উড়িয়ে মারলে তা তালুবন্দী করেন রশিদ খান।

৭ রান করা লিনের বিদায়ের পর প্রতিরোধ গড়ে তোলেন আরেক ওপেনার নিতিশ রানা ও ওয়ান ডাউনে নামা রবিন উত্থাপা। রশিদ খান ও সন্দ্বীপ শর্মা তাদের দুজনকে সাজঘরে ফেরানোর আগে জয়ের পথেই হাঁটছিল স্বাগতিকদের ইনিংস। নিতিশের ৪৭ বলে ৬৮ ও উত্থাপার ২৭ বলে ৩৫ রানের ইনিংস দুটি অবশ্য জয়ের ভিত গড়ে দিয়েছিল। তবে লক্ষ্য অনুযায়ী ইনিংস গড়ার কাজটুকু সফলভাবে করতে পারছিলেন না ব্যাটসম্যানরা। এমন মুহূর্তে ত্রাতা হয়ে আসেন আন্দ্রে রাসেল। ক্যারিবীয় এই অলরাউন্ডার ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৪৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১০ বলে ১৮ রান করে তার সাথে অপরাজিত থাকেন শুভম্যান গিল। শেষ ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ১৩ রান। সাকিবের করা ঐ ওভারের ৪ বলেই কাঙ্ক্ষিত রানের দেখা পেয়ে যায় কলকাতা।

 

৩.৪ ওভার বল করে ৪২ রানের খরচায় একটি উইকেট শিকার করেন সাকিব। এছাড়া একটি করে উইকেট শিকার করেন সন্দ্বীপ শর্মা, সিদ্ধার্থ কৌল ও রশিদ খান।

সংক্ষিপ্ত স্কোর

হায়দরাবাদ ১৮১/৩ (২০ ওভার)
ওয়ার্নার ৮৫, বিজয় ৪০*, বেয়ারস্টো ৩৯
রাসেল ৩২/২, পীযুষ ২৩/১

কলকাতা ১৮৩/৪ (১৯.৪ ওভার)
নিতিশ ৬৮, রাসেল ৪৯*, উত্থাপা ৩৫
রশিদ ২৬/১, সিদ্ধার্থ ৩৫/১

ফল: কলকাতা ৬ উইকেটে জয়ী।