রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

মুসলিম গরু ব্যবসায়ী হত্যার দায়ে ভারতে ৮ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে স্কুল শিক্ষার্থীসহ এক গরু ব্যবসায়ীকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করার দায়ে আট ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার (২১ ডিসেম্বর) রাজ্যের লাথেহার জেলা আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় দেন। আদালত সূত্রের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগের সে ঘটনায় নিহত দুইজন হলেন- ১২ বছর বয়সী স্কুল শিক্ষার্থী ইমতিয়াজ খান এবং ৩২ বছর বয়সী গরু ব্যবসায়ী মজলুম আনসারি। ঘটনার দিন তারা তাদের গরু নিয়ে হাটে যাচ্ছিলেন। সে সময় স্থানীয় 'গোরক্ষা কমিটির' সদস্যরা এসে তাদের নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। 

আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণার দিন অভিযুক্তদের পক্ষে শতাধিক ব্যক্তি আদালত চত্বরে এসে জড়ো হন। সে সময় তারা 'ভারত মাতা কি জয়' এবং 'গোহত্যা বন্দ করও' বলে একে একে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, ভারতের বিভিন্ন রাজ্যে হিন্দু গো-রক্ষকদের তাণ্ডবে নিহতের ঘটনায় এটি দ্বিতীয় মামলার রায়। আদালতের এ রায়ে দেশের 'গোরক্ষা কমিটির' সদস্যরা নিন্দা প্রকাশ করেছেন।