মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

ওয়াশিংটনকে তালেবান নেতাদের হত্যার প্রস্তাব আবুধাবির

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির যুবরাজ মুহাম্মাদ বিন যায়েদ তালেবান নেতাদের হত্যা করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে প্রস্তাব দিয়েছেন। এ জন্য তিনি গোপন কর্মসূচি চালুর কথা বলেছেন।

 

গত ১২ জানুয়ারি আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পম্পেওর সঙ্গে বৈঠকের সময় শেখ যায়েদ এ প্রস্তাব দেন। তালেবানের সঙ্গে মার্কিন সরকারের বৈঠকের বিষয়ে আরব আমিরাত যখন বিরোধিতা করছে তখন তিনি এ প্রস্তাব দেন।

লন্ডনভিত্তিক মিডলইস্ট আই বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে।

একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে অনলাইন পত্রিকাটি বলেছে, বৈঠকে শেখ যায়েদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করে বলেন, ‌আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ২০০১ সালের আগের অবস্থায় ফিরে যাবে আফগানিস্তান।  

 

প্রসঙ্গত, চলতি বছর শেষ হওয়ার আগেই আমেরিকা আফগানিস্তান থেকে আমেরিকা ১৪ হাজার সেনা প্রত্যাহার করতে চায়। তালেবানের সঙ্গে আলোচনা ওয়াশিংটনের সামনে সে পথ খুলে দেবে বলে আশা করছেন মার্কিন কর্মকর্তারা।

কিন্তু শেখ যায়েদ বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ‘পশ্চাৎপদ, দাড়িওয়ালা দুষ্টু লোকদের’ হাতে পড়বে আফগানিস্তান। এর বদলে তিনি তালেবান নেতাদের হত্যা করার জন্য ভাড়াটে যোগাড় করার প্রস্তাব দেন। এতে তালেবান দুর্বল হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন।

আর তালেবান নেতাদের হত্যা করা হলে চলমান সংলাপে মার্কিন সরকার ভালো অবস্থানে থাকবে বলেও শেখ যায়েদ উল্লেখ করেন।

উল্লেখ্য, সম্প্রতি কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রতিনিধির সঙ্গে তালেবান নেতাদের দফায় দফায় আলোচনার পর যখন উভয়পক্ষ দাবি করছে তাদের মধ্যে একটি খসড়া প্রস্তাব সই হয়েছে, তার মধ্যেই এ ধরনের খবর বের হলো।

অন্যদিকে, গতকাল তালেবানদের হামলায় আফগানিস্তানে দুই মার্কিন সেনা নিহত হয়েছে। ন্যাটো ও দেশটিতে থাকা মার্কিন সামরিক বিভাগ এ খবর নিশ্চিত করেছে।