রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামির আঘাতে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভা দ্বীপের আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামির আঘাতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ জন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ছয় শতাধিক।

শনিবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় দ্বীপগুলোর সুন্দা প্রণালিতে হওয়া এ আকস্মিক সুনামির বিষয়টি স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনবিপি) বরাতে নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতপো পুরউ নুগরোহো এক বিবৃতিতে জানান, 'মূলত সুন্দা প্রণালির কিনারা ঘেঁষা পানদেগলাং এবং দক্ষিণ লামপুং ও সেরাঙ্গ সৈকতের আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে এ সুনামির সূত্রপাত হয়। মূলত এতেই এ হতাহতের ঘটনা ঘটে।'

বিবৃতিতে আরও বলা হয়, 'পশ্চিম জাভার পানদেগলাং জেলায় সবচেয়ে বেশি একসঙ্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫০ জন। ইতোমধ্যে ৪৩টি বাড়ি, নয়টি হোটেল এবং বেশ কয়েক ডজন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত পূর্ণিমার কারণে এ ঢেউয়ের শক্তি বৃদ্ধি পেয়ে থাকতে পারে।'

উল্লেখ্য, এতে আহতদের মধ্যে অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা সামনে আরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন স্থানীয় উদ্ধার কর্মকর্তারা।