রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

লাইভ কনসার্টে মাতোয়ারা, আচমকা সুনামির আঘাত, শুধু আর্তনাদ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

প্রাকৃতিক দুর্যোগ কবলিত দেশ ইন্দোনেশিয়া, সুন্দা স্ট্রেইটের এক স্থানীয় পপ ব্যান্ড সমুদ্র সৈকতে পারফর্ম করছে, শিল্পীর গানের মাঝেই আচমকা ভেসে গেল মাতোয়ারা মানুষগুলো। শনিবার (২২ ডিসেম্বর) স্থানীয় ব্যান্ড 'সেভেন্টিন'র লিড সিঙ্গার এক মর্মান্তিক ভিডিও প্রকাশ করলেন তার সহকর্মীদের ভাসিয়ে নিয়ে যাওয়ার করুণ দৃশ্য। 'সিএনএন'

ক্রন্দনরত রিফিয়ান ফাজারসিয়া বললেন, 'আমি শুধু বলতে চাচ্ছি যে, আমাদের বেইজ গিটারিস্ট বনি এবং ব্যান্ডের ব্যবস্থাপক ওকি আর আমাদের মাঝে নেই। আমার স্ত্রী, ব্যান্ড সদস্য অ্যান্ডি ও হারম্যানকেও খুঁজে পাচ্ছি না। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তাদের খুঁজে পাই।'

 

রাষ্ট্রীয় মালিকানাধীন পিএলএন বিদ্যুৎ প্রতিষ্ঠানের আয়োজনে কনসার্ট চলছিল। সুনামি সম্পর্কে তারা কিছুই জানতো না, শো'র মাঝামাঝি সময়ে প্রকাণ্ড এক ঢেউ প্রথমে স্টেইজকে দুমড়ে মুচড়ে দিয়ে নিমিষেই দর্শকদের ভাসিয়ে দিয়ে গেল।  

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার জনসংযোগ বিভাগের প্রধান সুতপো পুরো নুগ্রোহ জানায়, শনিবার রাতে দেশটির পান্দেল্যাং, সেরাং ও দক্ষিণ লামপুং এ আচমকা শক্তিশালী সুনামির শিকার হয়। এই সুনামিতে এখন পর্যন্ত ১৬৮ জন নিহত ও ৭৪৫ জন নিখোঁজ রয়েছে। 
 
আচমকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে সমুদ্রতলদেশে ভূমিধসের সৃষ্টি হয় এবং তা বিশাল ঢেউ এর সৃষ্টি করে। জাভা দ্বীপ ও সুমাত্রার মাঝখানে অবস্থিত সুন্দা স্ট্রেইট উপকূল জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। হঠাৎ করেই সুনামির আঘাতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসে শত শত বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে। স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা এবং পশ্চিমাঞ্চলীয় জাভা উপকূলে আঘাত হানে সুনামি।